দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে রিকশা রাখা নিয়ে বিরোধের জেরে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক দোকানদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ (৬৬) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দক্ষিণ পোড়াগাঁও এলাকার মৃত মতিনের ছেলে। তিনি বরপা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং জীবিকার জন্য রিকশা চালাতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বরপা এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে জসিম নামে এক ব্যক্তির চাকা মেরামতের দোকানের সামনে রিকশা রেখে প্রাকৃতিক কাজ সারতে যান লতিফ। পরে ফিরে এসে এ নিয়ে দোকানদার জসিমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে জসিম তাকে মারধর করলে লতিফ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকাবাসী জসিমকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই